রুচি গঠনে ভূমিকা রাখে সংবাদপত্র: অধ্যাপক নার্গিস বেগম
স্টাফ রিপোর্টার
, যশোর
‘পরিবর্তনের দৈনিক’ সুবর্ণভূমির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। শনিবার পত্রিকা কার্যালয়ে আয়োজিত আনন্দ সমাবেশে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা, সাংবাদিক, শিক্ষাবিদ, চিকিৎসক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দিনভর ফুলেল শুভেচ্ছা, আলোচনা, কেক কাটা, সংগীত পরিবেশন ও সৌজন্য বিনিময়ে মুখর ছিল কার্যালয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচ্য হয়ে ওঠে সংবাদপত্রের সামাজিক দায়বদ্ধতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং দক্ষ সাংবাদিক তৈরির প্রয়োজনীয়তা।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম বলেন, সংবাদপত্র শুধু সংবাদ পরিবেশন করে না, মানুষের মন-মানসিকতা গঠন, ভাষা-সাহিত্যের বিকাশ এবং সমাজে রুচি তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, অনলাইন সংবাদমাধ্যমের প্রসারের কারণে ছাপা পত্রিকা নানা চ্যালেঞ্জের মুখে পড়লেও সমাজ ও রাষ্ট্র গঠনে প্রিন্ট মিডিয়ার গুরুত্ব কমে যায়নি। একটি দায়িত্বশীল সংবাদপত্র মানুষের চিন্তা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি গঠনের পাশাপাশি একটি জাতির ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশেও অবদান রাখে।
বেলা ১১টায় অনুষ্ঠিত আনন্দ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বাংলা গদ্যের বিকাশে সংবাদপত্রের বড় ভূমিকা রয়েছে। তাই প্রিন্ট মিডিয়ার গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই। অনলাইন সংবাদমাধ্যম দ্রুত সংবাদ পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করেছে, মানুষের সংবাদ গ্রহণের অভ্যাসেও পরিবর্তন এনেছে। তবে সংবাদপত্রের গুরুত্ব কেবল তাৎক্ষণিক সংবাদ প্রকাশ কিংবা ব্যবসায়িক সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়। দীর্ঘমেয়াদে মানুষের চিন্তা, রুচি ও সামাজিক মূল্যবোধ গঠনেও সংবাদমাধ্যমের ভূমিকা রয়েছে।
দৈনিক সুবর্ণভূমির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক নার্গিস বেগম বলেন, একটি পত্রিকা প্রতিষ্ঠা করা এবং নিয়মিত প্রকাশনা অব্যাহত রাখা সহজ কাজ নয়। এর পেছনে দীর্ঘদিনের পরিশ্রম, নিষ্ঠা, সময়, পরিকল্পনা ও আর্থিক বিনিয়োগ প্রয়োজন। প্রথম বছর পার করা একটি সংবাদপত্রের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক।
তিনি বলেন, ৩৬৫ দিন গুনে গুনে পার করতে হয়েছে সুবর্ণভূমিকে। এ পর্যায়ে পৌঁছাতে পত্রিকাটির কর্মীদের নিষ্ঠা ও দরদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সংবাদপত্র প্রকাশের ক্ষেত্রে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির পাশাপাশি সমাজ ও মানুষের জন্য কাজ করার মানসিকতাও থাকতে হবে।
যশোরে দীর্ঘদিন ধরে বিভিন্ন সংবাদপত্র প্রকাশিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এসব সংবাদমাধ্যম স্থানীয় মানুষের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরছে। সময়ের সঙ্গে মানুষের চাহিদা ও তথ্য জানার আগ্রহ বেড়েছে। এ বাস্তবতায় নতুন সংবাদমাধ্যম হিসেবে দৈনিক সুবর্ণভূমি দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়ে পাঠকের প্রত্যাশা পূরণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন তিনি।
সাংবাদিকতার সঙ্গে জ্ঞান, সততা, দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয় থাকা জরুরি উল্লেখ করে তিনি বলেন, সংবাদপত্রকে কেবল ব্যবসা হিসেবে দেখলে এর মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। অর্থনৈতিক লাভের পাশাপাশি মানুষের কথা বলা, সমাজের অসংগতি তুলে ধরা এবং জনস্বার্থ রক্ষার বৃহত্তর দায়িত্বও বিবেচনায় নিতে হবে।
সমাজে পাঠাভ্যাস কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে অধ্যাপক নার্গিস বেগম বলেন, নতুন প্রজন্মকে বইমুখী করা এবং নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। সমাজের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করলেই দায়িত্ব শেষ হয় না; এ অবস্থা থেকে উত্তরণের পথও খুঁজতে হবে। নতুন প্রজন্মকে চিন্তাশীল মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংবাদমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সংবাদপত্রের মাধ্যমে মানুষ শুধু দেশ-বিদেশের খবর জানতে পারে না, বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করার সুযোগও পায়। একটি সমাজে জ্ঞানচর্চা, যুক্তিবোধ ও দায়িত্বশীল মনোভাব গড়ে তুলতে সংবাদমাধ্যম তথ্যভিত্তিক আলোচনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে পারে। এতে মানুষের সচেতনতা বাড়বে এবং ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি হবে।
সংবাদ পরিবেশনে সমাজের ইতিবাচক ও নেতিবাচক—উভয় দিক তুলে ধরার ওপর গুরুত্ব দেন অধ্যাপক নার্গিস বেগম।
তিনি বলেন, অনিয়ম, দুর্নীতি, বৈষম্য ও অপরাধের খবর প্রকাশ করা সংবাদপত্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। একই সঙ্গে মানুষের সাফল্য, সম্ভাবনা, সৃজনশীলতা ও ইতিবাচক উদ্যোগগুলোকেও গুরুত্ব দিতে হবে।
শুধু নেতিবাচক সংবাদ প্রকাশিত হলে সমাজের একপাক্ষিক চিত্র মানুষের সামনে উঠে আসে। এতে নতুন প্রজন্মের মধ্যে সমাজ সম্পর্কে হতাশাজনক ধারণা তৈরি হতে পারে। তাই বাস্তবতার সব দিক তুলে ধরা, ভালো কাজের স্বীকৃতি দেওয়া এবং অনিয়মের বিরুদ্ধে জনমত তৈরিতেও সংবাদমাধ্যমকে ভূমিকা রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন।
তথ্যের সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশ এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্যকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়ে তিনি বলেন, সাংবাদিকদের সততা, সাহসিকতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে। এতে সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও পাঠকের আস্থা বজায় থাকবে।
সাংবাদিকদের পেশাগত ঐক্য, দায়িত্ববোধ এবং গণতান্ত্রিক আন্দোলনে সংবাদমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে অধ্যাপক নার্গিস বেগম বলেন, বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে সাংবাদিকদের সংবাদ প্রকাশ, পরামর্শ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যশোরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সহযোগিতার কথাও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে কর্মসূচি পালন এবং মানুষের কাছে প্রকৃত পরিস্থিতি তুলে ধরা সহজ ছিল না। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের আগে ঢাকায় রাজনৈতিক পরিস্থিতি এবং যশোরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সময় সাংবাদিকদের সহযোগিতা আন্দোলনকারীদের উৎসাহ ও শক্তি জুগিয়েছে।
মতপার্থক্য থাকলেও সংবাদমাধ্যমের স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও মানুষের জানার অধিকার রক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
সাংবাদিকতা পেশায় নতুনদের আগ্রহী করে তোলা এবং দক্ষ সাংবাদিক তৈরির প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন অধ্যাপক নার্গিস বেগম।
তিনি বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় দক্ষতা অর্জনের জন্য নিয়মিত চর্চা, অভিজ্ঞতা, অধ্যবসায় ও দায়িত্বশীল মনোভাব প্রয়োজন। অভিজ্ঞ সাংবাদিকদের নতুনদের কাজ শেখানোর সুযোগ তৈরি করতে হবে।
নতুন সাংবাদিকদের সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, সংবাদ লেখা ও পেশাগত নৈতিকতা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অভিজ্ঞদের দিকনির্দেশনা ও সহযোগিতা পেলে নতুন প্রজন্মের সাংবাদিকেরা নিজেদের দক্ষতা বাড়াতে পারবেন। সংবাদমাধ্যমের কার্যালয়গুলোতে শেখার পরিবেশ তৈরি এবং নিয়মিত চর্চার সুযোগ বাড়ানো জরুরি।
সত্যকে সত্য হিসেবে তুলে ধরতে হবে: খোকন
অনুষ্ঠানে বক্তব্য দেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
তিনি বলেন, মানুষের প্রত্যাশা পূরণে সংবাদমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সত্যকে সত্য এবং অসংগতিকে অসংগতি হিসেবে তুলে ধরতে হবে।
জনসচেতনতা তৈরিতে সুবর্ণভূমি ভূমিকা রাখবে: মিরাজুল ইসলাম
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ মিরাজুল ইসলাম বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অপরাধ সম্পর্কে জানতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহায়তা করে। সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি মাদক, ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে সুবর্ণভূমি ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সমাজের ত্রুটি-বিচ্যুতি তুলে ধরে সাংবাদিকেরা: হাসপাতাল তত্ত্বাবধায়ক
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েত বলেন, সমাজের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি তুলে ধরে তা সংশোধনের সুযোগ তৈরি করেন সাংবাদিকেরা। সুবর্ণভূমি এক বছরের কার্যক্রমের ধারাবাহিকতায় আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সুবর্ণভূমির কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন: জাহিদ
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, পাঠকের কাছে দ্রুত সংবাদ পৌঁছে দিতে সুবর্ণভূমির অনলাইন ও মাল্টিমিডিয়া কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা বন্ধেও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সংবাদপত্র প্রকাশের চেয়ে তা টিকিয়ে রাখা কঠিন: একরাম
যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণের সম্পাদক একরাম-উদ-দৌল্লা বলেন, সংবাদপত্র প্রকাশের চেয়ে তা টিকিয়ে রাখা কঠিন। সুবর্ণভূমি যেন মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা ও সমস্যার কথা তুলে ধরে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সুবর্ণভূমি দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখবে: মবিন
যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের প্রকাশক-সম্পাদক মবিনুল ইসলাম মবিন বলেন, বর্তমান সময়ে সংবাদপত্র পরিচালনা নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ পরিস্থিতিতে বস্তুনিষ্ঠ ও মানসম্মত সাংবাদিকতার বিকল্প নেই। সুবর্ণভূমি সেই দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নূর ইসলাম সাংবাদিকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি পত্রিকার কলেবর বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই চেতনাকে ধারণ করে যশোরের মানুষের সুখ-দুঃখ ও সম্ভাবনার খবর আরও বেশি করে তুলে ধরার আহ্বান জানান তিনি। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সুবর্ণভূমির সংবাদ দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান বলেন, সংবাদপত্রের বিকাশের পাশাপাশি সাংবাদিকদের বেতন-ভাতা ও জীবনমানের বিষয়েও গুরুত্ব দিতে হবে। সাংবাদিকদের পেশাগত অধিকার নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা কমিটির সদস্যসচিব মনিরুজ্জামান আজাদ বলেন, স্বাধীন গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সুবর্ণভূমি ইতিমধ্যে পাঠকের আস্থা অর্জন করেছে উল্লেখ করে তিনি পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা বিএম আকাশ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যশোরের মানুষের কাছে আন্দোলনকারীদের কথা পৌঁছে দিতে সুবর্ণভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও পত্রিকাটি দেশব্যাপী মানুষের কাছে পৌঁছে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রকাশকের প্রত্যয়
দৈনিক সুবর্ণভূমির প্রকাশক-সম্পাদক এজাজ উদ্দিন টিপু বলেন, সুবর্ণভূমি একটি স্বপ্ন, আবেগ ও দায়বদ্ধতার নাম। গত এক বছরে মানুষের অধিকার, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য ও সামাজিক অসংগতি নিয়ে সংবাদ প্রকাশের চেষ্টা করেছে পত্রিকাটি। আগামী দিনেও পাঠক ও শুভানুধ্যায়ীদের পরামর্শ নিয়ে আরও ভালো কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রধান সম্পাদকের ধন্যবাদ
দৈনিক সুবর্ণভূমির প্রধান সম্পাদক আহসান কবীর বলেন, পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি তাদের অনুপ্রাণিত করেছে। সবার ভালোবাসা ও সহযোগিতা নিয়ে সুবর্ণভূমি আগামী দিনে আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস বলেন, সুবর্ণভূমির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা তার অত্যন্ত প্রিয়। পত্রিকাটি যেন সব সময় সঠিক ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ করে, সেই প্রত্যাশা ব্যক্ত করে তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বিসিবি পরিচালক ও দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, বিএনপির যশোর জেলা সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ডাক্তার রবিউল ইসলাম, জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস, এস এম সুলতান ফাইন আর্ট কলেজের অধ্যক্ষ শামীম ইকবাল, কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিম, যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হাবিবা সিদ্দিকা ফোয়ারা ও আহসান কবীর বাপ্পী, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, সুবর্ণভূমির ভারপ্রাপ্ত সম্পাদক আইয়াজ উদ্দিন রিপন, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, কিংশুক সঙ্গীত শিক্ষা কেন্দ্রের সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম সোহেল, জ্যেষ্ঠ সাংবাদিক ফারাজী সাঈদ আহম্মেদ বুলবুল ও রাজেক জাহাঙ্গীর, শব্দ থিয়েটারের সাধারণ সম্পাদক মাসউদ জামান, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা গোলাম কাদের প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সুবর্ণভূমির বার্তাপ্রধান সরোয়ার হোসেন।
দিনভর শুভেচ্ছা ও সৌজন্য বিনিময়
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টা থেকে সুবর্ণভূমির কার্যালয়ে ফুল নিয়ে আসতে শুরু করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের কর্মকর্তা ও নেতা এবং শুভানুধ্যায়ীরা। সকালে আনুষ্ঠানিক আয়োজনের পরও রাত অবধি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি অব্যাহত থাকে। আলোচনা সভা, কেক কাটা ও সংগীত পরিবেশনার পাশাপাশি অতিথিরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়, সেলফি ও দলবদ্ধ ছবি তোলায় অংশ নেন।
শুভেচ্ছা জানাতে আসেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দৌল্লা, প্রেসক্লাব যশোর, সাংবাদিক ইউনিয়ন যশোর ও যশোর সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধিরা। এ ছাড়া দৈনিক স্পন্দন, দৈনিক সমাজের কথা, দৈনিক গ্রামের কাগজ, প্রথম আলো, দৈনিক সকালের বার্তা ও দৈনিক বাংলার ভোরের প্রতিনিধিরাও ফুলেল শুভেচ্ছা জানান।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজা বুলবুল কলি, কিংশুক সঙ্গীত শিক্ষা কেন্দ্র, যুব অধিকার পরিষদ, বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি), যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়ন, রিপন অটো প্রাইভেট লিমিটেড, মোবাইল প্লাজার জাকির হোসেন পলাশ, বিবর্তন যশোর, জেসিবি বিজ্ঞান ক্লাব, জেলা স্বেচ্ছাসেবক দল ও নগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়।
আরও শুভেচ্ছা জানায় যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়ন, বিবর্তন যশোর, দৈনিক বাংলার ভোর, দৈনিক সত্যপাঠ, দৈনিক রানার, নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ সাফায়েত হোসেন টমাস, বন্ধু সার্কেল, যশোর জেলা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ, ব্যঞ্জন থিয়েটার, প্রথম আলো বন্ধুসভা, আফসার ফাউন্ডেশন, ফাহিম হাসান রাহিব প্রমুখ।
রাতে জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে সুবর্ণভূমি কার্যালয়ে আসেন।