মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের পাখিউড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) রাবার বুলেটে উজ্জ্বল মিয়া (৩২) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
শনিবার দুপুরে সীমান্তের আন্তর্জাতিক পিলার ৬০/১০১-আর-এর কাছাকাছি ভারত অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
বিষয়টি ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল ইসলাম নিশ্চিত করেছেন।
আহত উজ্জ্বল মিয়া মহেশপুর উপজেলার মাইলবাড়ীয়া গ্রামের হারুন মিয়ার ছেলে। বিজিবির সূত্রে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের ১৯৪ ব্যাটালিয়নের অধীন কুমারীপাড়া ক্যাম্পের সদস্যদের রাবার বুলেটে তিনি আহত হন।
পরে উজ্জ্বলের সঙ্গে থাকা একই উপজেলার মালবাড়ীয়া গ্রামের নওশেরের ছেলে অসীম (৩৪) তাকে বাংলাদেশ অভ্যন্তরে নিয়ে আসেন। স্থানীয়দের সহায়তায় একটি মাইক্রোবাসে করে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে নেওয়া হয়।
বিজিবির প্রাপ্ত তথ্য অনুযায়ী, আহত উজ্জ্বল ও অসীমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মহেশপুর সীমান্ত এলাকায় মানব পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ঘটনার পর থেকে অসীম পলাতক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।