বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
যশোরের বাঘারপাড়া ও নড়াইল সদর উপজেলার সীমান্তবর্তী এগারখানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষ রোপণ ও অংশীজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার মালিয়াট মোড় এলাকায় নব-জাগরণ সমবায় ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ গড়ে তুলতে অভিভাবক তথা সমাজের করণীয় সম্পর্কে আলোচনা হয়।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ প্রণবকান্তি অধিকারীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাবেক পুলিশ কর্মকর্তা কাঞ্চন রায়, সহকারি অধ্যাপক বিশ্বজিত পাঠক, বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, কৃষি কর্মকর্তা বাদল বিশ্বাস, শিক্ষক রতন ঘোষ, সংগঠনের সহসভাপতি অজিত দাস, নির্মল বিশ্বাস, আশিষ পাল, পলাশ সেন, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রাণকৃষ্ণ অধিকারী প্রমুখ।
আলোচনা শেষে এলাকার প্রাথমিক সমাপনি ও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ২০ শিক্ষার্থীকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় ও বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ওষধি গাছের চারা রোপণ করা হয়।
সভায় বক্তারা বলেন, একজন কৃষক যেমন ধান বা গাছের চারা রোপণ করে প্রতিদিন যত্ন নেন এবং শেষে তার ফল ভোগ করেন, তেমনি সন্তানেরও প্রতি প্রতিদিন খেয়াল রাখতে হবে। যাতে সে উচ্ছন্নে না যায়।