লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
'অন্যায় ও দুর্নীতি করব না, অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না। মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখব। দেশের প্রতি অনুগত থাকব। দেশের একতা ও সংহতি বজায় রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকব।'—এই শপথ নিয়েছে নড়াইলে লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে স্কুল চত্বরে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তত্ত্বাবধানে লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচির অংশ হিসেবে স্কুলে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া জেলা প্রশাসক কয়েকজন শিক্ষার্থীকে 'ভালো মনের মানুষ' হিসেবে চিহ্নিত করে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করেন।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতেও পুরস্কার ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
দুর্নীতিবিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. সৈয়দ এমদাদুল হক।
দুপ্রকের সাধারণ সম্পাদক মারুফ সামদানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান, দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিদর্শক সুমিত দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রানী বিশ্বাস, উপজেলা দুপ্রকের সহসভাপতি অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলী ও নির্বাহী সদস্য অধ্যাপক আবু আবদুল্লাহ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেবক মণ্ডল, সহকারী কমিশনার লিখন কুমার রায়, দুপ্রকের সহসভাপতি কোহিনুর পারভীন এবং নির্বাহী সদস্য বি এম হোসন আলী, শারমীন ইসলাম ও আরমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, 'শুধু অর্থ আত্মসাৎ করলেই দুর্নীতি হয় না। নিজের কাজটি সঠিকভাবে না করাও দুর্নীতি। দায়িত্ব-কর্তব্য পালন না করাও দুর্নীতি। আমরা সময়ের কাজ সময়ে করি না, এটাও দুর্নীতি।'
শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘সব সময় যুদ্ধে জিততে হয় না। সব কথার জবাব দিতে হয় না। নীরব থাকাও শক্ত প্রতিবাদ’।