কালিয়া (নড়াইল) প্রতিনিধি
কালিয়া উপজেলার নড়াগাতীর জয়নগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. মনি মিয়া শেখকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে জয়নগর ইউনিয়নের পানিপাড়া গ্রামের কামরুল ঠাকুরের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মনি মিয়া শেখ নড়াগাতী থানার চর-জয়নগর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জয়নগর ইউনিয়নের পুঠিমারী বাজার থেকে কেনাকাটা শেষে নিজ বাড়ি চরজয়নগরে ফিরছিলেন মনি মিয়া। পথে পানিপাড়া এলাকার কামরুল ঠাকুরের বাড়ির সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা নেওয়ার পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওই রাতেই ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।