মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে বাইসাইকেল চুরি করেছেন সন্দেহে চাচা লালন হোসেনের হাসুয়ার কোপে চিকিৎসাধীন অবস্থায় ভাতিজা নাহিদ হোসেনের (২২) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার রাতে উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের ভিটাপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
নিহত নাহিদ হোসেন তেঁতুলবাড়ীয়া ভিটাপাড়া গ্রামের জাহিদ হোসেনের ছেলে। অভিযুক্ত হামলাকারী লালন হোসেন একই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই (রবিবার) রাত ৯টার দিকে লালন হোসেনের বাড়ি থেকে একটি বাইসাইকেল চুরি হয়। সাইকেলটি তার ভাতিজা নাহিদ চুরি করেছে বলে অভিযোগ তোলেন লালন। এ নিয়ে প্রথমে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরদিন ২৭ জুলাই (সোমবার) রাতে বিষয়টি নিয়ে আবারও তাদের মধ্যে কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে চাচা লালন হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে নাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেন।
পরিবারের সদস্যরা আহত নাহিদকে দ্রুত উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক পরিস্থিতির আরও অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মুর্শেদ চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।