সুবর্ণভূমি ডেস্ক
শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন (৫৯)
ছবি:
যশোরের শার্শা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নাসির উদ্দিন (৫৯) উপজেলার কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং তিনি বাগুড়ী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
বুধবার (২৯ জুলাই) গভীর রাতে উপজেলার বাগুড়ী গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নাসির উদ্দিন সম্প্রতি নিজ এলাকায় অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে তাকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
তবে গ্রেপ্তারের বিষয়ে নাসির উদ্দিন বা তার পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।