লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া চৌরাস্তা এলাকায় জামাল মোল্যা (৩৮) নামে এক এলপি গ্যাস ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
গুরুতর আহত জামাল মোল্যা লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের শেখ সিদ্দিক মাস্টারের ছেলে। বর্তমানে তিনি দিঘলিয়া ইউনিয়নের বাটিকাবাড়ি গ্রামে বসবাস করছেন।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে দিঘলিয়া বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন জামাল মোল্যা। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে দোকানে ঢুকে ধারালো অস্ত্র (ছ্যানদা ও রামদা) দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ও গুরুতর ক্ষত সৃষ্টি হয়।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধার করে আহত জামালকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ উদঘাটন এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।
এদিকে প্রকাশ্য দিবালোকে এই হামলার ঘটনার পর থেকে দিঘলিয়া বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।