অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে দুই দোকানের শাটার ভেঙে নগদ ৬৭ হাজার ২০০ টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার নওয়াপাড়া পুরনো বাসস্ট্যান্ড এলাকার ‘সাগরিকা শপিং মলে’ এই চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান দুটি হলো, ‘এমআরএস কম্পিউটার’ এবং ‘ব্রাদার্স মোটরস’।
এমআরএস কম্পিউটারের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটের দিকে মাস্ক পরা দুই ব্যক্তি শপিং মলের ভেতরে প্রবেশ করে। তারা অভিনব কায়দায় ব্রাদার্স মোটরস এবং এমআরএস কম্পিউটারের শাটার ভেঙে ভেতরে ঢোকে। এরপর ক্যাশ বাক্স থেকে নগদ টাকা নিয়ে সকাল ৭টা ২০ মিনিটের দিকে মার্কেটের পেছনের পথ দিয়ে বেরিয়ে যায়।
এমআরএস কম্পিউটারের মালিক সজীব হোসেন বলেন, সকাল ৯টার দিকে দোকান খুলতে গিয়ে দেখি সাটার ভাঙা। আগের রাতে ক্যাশ বাক্সে রেখে যাওয়া নগদ ৪০ হাজার টাকা নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৭টা ৫ মিনিটে মাস্ক পরা দুই চোর মার্কেটে প্রবেশ করে। মাত্র ১৫ মিনিটের মধ্যে দুটি দোকানের শাটার ভেঙে ক্যাশ বাক্স থেকে টাকা লুট করে পেছনের পথ দিয়ে পালিয়ে যায়।
ব্রাদার্স মোটরসের মালিক ও এনসিপির অভয়নগর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী শাহজাহান কবীর বলেন, চোরচক্র আমার দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ২৭ হাজার ২০০ টাকা নিয়ে গেছে। তারা মার্কেটের আরও পাঁচটি দোকানে চুরির উদ্দেশ্যে শাটার ক্ষতিগ্রস্ত করলেও ভেতরে ঢুকতে পারেনি। কেবল নগদ টাকা ছাড়া অন্য কোনো মালামাল নেয়নি তারা। সকাল ৭টার দিকে মহাসড়কের পাশে এভাবে চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
ঘটনার খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে গেছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পাওয়ার পরপরই সাগরিকা শপিং মলে পুলিশ পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোর চক্রকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।