চৌগাছা প্রতিনিধি
ঢাকায় গুলশানের এক রেস্তোরাঁয় গোপন বৈঠকের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন- যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), সাবেক ছাত্রলীগ নেতা ও চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের প্রভাষক নান্নু মিয়া (৩৮), সাবেক ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা আমিনুর রহমান পলাশ (৪২), মাদারীপুরের কর্মী সজল আহমেদ (২৯) এবং চৌগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন (৩৩)।
শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ প্লাজার পঞ্চম তলায় একটি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। রাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন তাদের গ্রেপ্তারের খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী গোপন বৈঠক করছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, মিটিং শেষে তাদের রাজধানীতে মিছিলের পরিকল্পনা ছিল ‘
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান গুলশান থানার ওসি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই রেস্তোরাঁয় বসে তারা চৌগাছা উপজেলা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও যুবলীগের কমিটি গঠন করছিলেন। মেহেদী মাসুদ চৌধুরীকে সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুলকে সাধারণ সম্পাদক, চৌগাছা পৌরসভার সাবেক মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেলকে পৌর আওয়ামী লীগের সভাপতি ও এসএম রেজওয়ান হাবিব আলিফকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইব্রাহিম হোসেনকে উপজেলা যুবলীগের সভাপতি ও আমিনুর রহমান পলাশকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, চৌগাছা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেমকে চৌগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং নান্নু মিয়াকে চৌগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা দেয়ার পর ঢাকায় তারা মিছিলের পরিকল্পনা করছিলেন।

সেখানে চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি এসএম সাইফুর রহমান বাবুলসহ চৌগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রস্তাবিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সটকে পড়ে।
সূত্র জানায়, পলাতক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল চৌধুরী নওফেলের সাবেক পিএস ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ভারতে পলাতক অমিত কুমার বসুর নির্দেশনায় অমিতের ঘনিষ্ঠ বন্ধু নান্নু মিয়া এসব কমিটি গঠনের বিষয়টি সমন্বয় করছিলেন। এই পকেট কমিটি গঠন নিয়ে চৌগাছায় দলীয় এবং প্রতিপক্ষ বর্তমান সরকার দলীয় নেতাকর্মীদের রোষানলে পড়ার ভয়েই তারা ঢাকায় বসে কমিটি গঠন ও মিছিলের পরিকল্পনা করেন।
এর আগেও এসব নেতাকর্মী চৌগাছা থেকে বাস রিজার্ভ করে ঢাকায় গিয়ে মিছিল করে এসেছেন বলে ওই সূত্রটি নিশ্চিত করেছে।