খুলনা প্রতিনিধি
খুলনা সদর থানার মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে র্যাব-৬ এর সদর কোম্পানি।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে মিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুঁটি খালী গ্রামের নাসির উদ্দীন সেন্টু (৩৭), তার স্ত্রী সাফিয়া বেগম (৩২), এবং কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী গ্রামের মারিয়াম (২০) ও আয়শা।
নাসির উদ্দীন সেন্টু ও সাফিয়া বেগম মিয়াপাড়া এলাকার ওই বাড়িতে বসবাস করছিলেন বলে জানিয়েছে র্যাব। নাসির উদ্দীন সেন্টু খুলনা টাউন ক্লাবের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত ব্যক্তিদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।