স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে আলাদা অভিযানে চার কেজি ৮শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটকের দাবি করা হয়েছে। অন্য দিকে যশোর ডিবি পুলিশ ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরো দুইজনকে আটকের দাবি করেছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে যশোর-নড়াইল মহাসড়কের হামিদপুর এলাকা থেকে চার কেজি গাঁজাসহ আব্দুল আজিজকে বিজিবি যশোরের ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা এবং শহরের ডিআইজি রোডের বাসা থেকে ইউসুফকে ৮শ গ্রাম গাঁজাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মামলার অভিযোগে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে হামিদপুরের আরাফ এন্টারপ্রাইজের সামনে অভিযান চালায় বিজিবি। এ সময় আব্দুল আজিজকে আটক করা হয়। পরে তার কাঁধে থাকা নীল রঙের ব্যাগ তল্লাশি করে ৪ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৬৪০ টাকা উদ্ধার করা হয়। আটক আব্দুল আজিজ ঝিকরগাছার বেলে বটতলা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
অপর দিকে, একই দিন সকালে যশোর শহরের ডিআইজি রোড এলাকায় অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ শেখ ইউসুফ (৪০) নামে আরেক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি ডিআইজি রোড এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেখ ইউসুফের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। তার শয়নকক্ষের প্লাস্টিকের ওয়্যারড্রপের ড্রয়ারে একটি শপিং ব্যাগের মধ্যে স্কচটেপে মোড়ানো ৮শ’ গ্রাম গাঁজার পুটলা পাওয়া যায়।
আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা মামলা হয়েছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
অন্যদিকে যশোর ডিবি পুলিশের এসআই কামাল হোসেন জানিয়েছেন, গত রোববার রাত পৌনে আটটার দিকে শহরের ষষ্ঠিতলাপাড়ার জাকির হোসেনের বাড়ির সামনে থেকে দুইজনকে আটক করা হয়। এরা হলো, মুজিব সড়কের রেলগেট এলাকার মৃত মির্জা আনোয়ার হোসেনের ছেলে আসাদুজ্জামান রনি (৩৮) এবং অভয়নগরের গুয়াখোলা রানাভাটা মদিনাভাগ পশ্চিমপাড়ার আব্দুল কাদের গোলদারের ছেলে রুবেল হোসেন ওরফে রিবন মাহমুদ রুবেল (৪০)। তাদের বিরুদ্ধে মামলা হওয়ার পর সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।