লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ শাশুড়ি ও মেয়ের জামাইকে আটক করেছে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সোমবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রাম থেকে শাশুড়ি সীমা বেগম (৩৮) ও তার মেয়ের জামাই রাসেল শেখকে (২১) আটক করে।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী পাঁচুড়িয়া গ্রামের ইউসুফ শেখের বসতঘরে তল্লাশি করে এক কেজি গাঁজা ও ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান শেষে তাদের লোহাগড়া থানায় সোপর্দ করা হয়েছে।
লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকসহ কারবারি আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।