স্টাফ রিপোর্টার
, যশোর
মাদকাসক্ত বাবার হাত থেকে মাকে রক্ষা করতে গিয়ে কাচির আঘাতে গুরুতর আহত হয়েছে ছেলে রাজ হোসেন (১৭)।
মঙ্গলবার যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পিঠে জখম হওয়া রাজকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে কাজী লিটন নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী ঋতুর সঙ্গে পারিবারিক বিষয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হলে রাজ তার মাকে রক্ষা করতে এগিয়ে যায়। এ সময় বাবা কাপড় কাটার কাচি দিয়ে ছেলের পিঠে আঘাত করেন। এতে রাজের পিঠে জখম হয়। পরে রাজের মা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহতের অবস্থা গুরুতর হলেও আশঙ্কামুক্ত। ভর্তি করে তাকে ওয়ার্ডে পাঠানো হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ঘটনাটি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।