নড়াইল প্রতিনিধি
নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকার তাফসীর উদ্দিন হাফেজিয়া মাদরাসার ছয় শিশুকে ধর্ষণের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহবুবুর রহমান নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি ওই মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী এক শিশুর মা বাদী হয়ে গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) নড়াইল সদর থানায় মাহবুবুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট বিকেলে এক শিশুর মা সন্তানের খোঁজ নিতে মাদরাসায় যান। এ সময় শিশুটি তার মাকে জানায়, শিক্ষক মাহবুবুর রহমান আগের রাতে তাকে যৌন নিপীড়ন করেছেন। বিষয়টি মাদরাসার আরেক শিক্ষককে জানানো হলে তিনি শিশুটির কাছে ঘটনার বিষয়ে জানতে চান।
পরে মাদরাসার আরও পাঁচ শিশু একই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করে। বিষয়টি জানাজানি হলে ২৮ আগস্ট মাহবুবুর রহমান মাদরাসা থেকে চলে যান বলে পুলিশ জানায়।
২০০০ সালে প্রতিষ্ঠিত মাদরাসাটিতে বর্তমানে হেফজ বিভাগে ১৪ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। অভিযোগকারী ছয় শিশুর মধ্যে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মাদরাসাটিতে শিক্ষক রয়েছেন দুজন।
নড়াইল সদর থানার পরিদর্শক অজয় কুমার কুন্ডু বলেন, মাহবুবুর রহমানের বিরুদ্ধে করা মামলার পরিপ্রেক্ষিতে তাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।