স্টাফ রিপোর্টার
, যশোর
অনলাইন জুয়ার সাইট পরিচালনার অভিযোগে চারজনকে আটক করেছে কোতোয়ালি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু সংখ্যক মোবাইলফোন, সিমকার্ড ও নগদ টাকা জব্দ করা হয়।
সোমবার ভোরে যশোর শহরের বাবলাতলা মাইক্রোবাসস্ট্যান্ড এলাকা থেকে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে তাপস কুমার (২৪) ও তুষার শিকদার (২৪) নামে দু’জনকে আটক করে পুলিশ।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ছয়টার দিকে ঘোপ নওয়াপাড়া রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে সাদিয়া ইসলাম সুইটি (২৩) ও ইসরাত জাহান তৃপ্তি (২০) নামে আরও দু’জনকে আটক করা হয়।
পুলিশের এজাহার সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা অনুমোদনহীন বিভিন্ন অনলাইন বেটিং সাইট ও ভার্চুয়াল কারেন্সি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার কার্যক্রম ও ই-ট্রানজেকশন পরিচালনা করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
অভিযানকালে তাদের হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের দশটি মোবাইলফোন, একটি বাটন মোবাইলফোন, বিপুলসংখ্যক সিমকার্ড এবং নগদ ৫৭ হাজার টাকা জব্দ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানের সময় আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আটক চারজনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকে অভিযান অব্যাহত রয়েছে।