কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদরাসাশিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগে আবুল বাশার (৩৮) নামে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের দুধসারা দারুল কুরআন সুফ্ফা মাদরাসা থেকে তাকে আটক করা হয়। আটক শিক্ষক উপজেলার হরিন্দিয়া গ্রামর আমিন মৌলভির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসাটির প্রধান শিক্ষক মাওলানা আবুল বাশারের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে কোটচাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে যায়।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, একজন শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে স্থানীয়রা ওই শিক্ষককে আটকে রেখেছেন—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে তাকে আটক করা হয়েছে। এর আগেও ওই প্রতিষ্ঠানের আরও তিন শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে বলে জানান তিনি।
ওসি আরও জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ভুক্তভোগী শিশু শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, ‘আমার সন্তানের সঙ্গে এমন ঘটনা ঘটার পর তাকে ওই মাদরাসা থেকে নিয়ে এসেছি।’
এদিকে অভিযুক্ত শিক্ষক কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না, তা নিয়েও এলাকায় আলোচনা চলছে। কোটচাঁদপুর পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, ‘আবুল বাশার জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে কোনোভাবেই জড়িত নন।’
অন্যদিকে, কোটচাঁদপুর উপজেলা হেফাজতে ইসলামের সহসভাপতি মাওলানা ইব্রাহিম খলিল বলেন, আবুল বাশার হেফাজতে ইসলামের সঙ্গে সম্পৃক্ত। তবে সংগঠনে তার কোনো পদ রয়েছে কি না, তা তিনি নিশ্চিত নন।
অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।