স্টাফ রিপোর্টার
, যশোর
নেশার টাকা ও জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় যশোরের অভয়নগরে বাবাকে মারপিট ও গলাটিপে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে ছেলে হুমায়ুন কবিরের বিরুদ্ধে।
এ ঘটনায় সোমবার তার বাবা মতিয়ার রহমান বাদী হয়ে আদালতে মামলা করেছেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা অভিযোগটি গ্রহণ করে আসামির প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন ।
মামলার বিবরণে জানা গেছে, অভয়নগর উপজেলার সারখোলা বুইকরা গ্রামের বাসিন্দা মতিয়ার রহমানের ছেলে হুমায়ুন কবির গত দুই বছর ধরে বেপরোয়া ও নেশাগ্রস্ত হয়ে পড়েন। তিনি কোনো কাজ-কর্ম না করে প্রায়ই বাবার কাছে নেশার টাকা দাবি করতেন এবং টাকা না দিলে ঘরের জিনিসপত্র ভাঙচুর ও বিক্রি করতেন।
গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় হুমায়ুন কবির তার বাবার কাছে ২০ হাজার টাকা দাবি ও জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা বলে। টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে বাবাকে এলোপাতাড়ি কিলঘুষি, লাথি ও চড় থাপ্পড় মারে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় ছেলে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে আসামি ধারালো ছুরি নিয়ে তাদের কোপানোর চেষ্টা করে এবং ঘরের জিনিসপত্র ভাঙচুর চালায়।
এ ঘটনায় থানায় অভিযোগ দিলে কর্তৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।