মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে ২৫ বছর বয়সী বাক্প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মাহবুব হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাতিবিলা এলাকায় এ ঘটনা ঘটে।
আটক মাহবুব হোসেন মহেশপুর পৌর এলাকার শুকুর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ওই বাক্প্রতিবন্ধী নারীকে বাড়িতে একা রেখে ছোট মেয়ের বাড়ি রামচন্দ্রপুরে বেড়াতে যান তার মা। বিকেলে তিনি বাড়িতে ফিরে মেয়ের শয়নকক্ষে মাহবুব হোসেনকে দেখতে পান।
এ সময় মাহবুব হোসেন তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মাহবুবকে আটক করেন।
তখন নির্যাতনের শিকার নারী বিষয়টি সবাইকে জানান। স্থানীয়রা খবর দিলে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহবুব হোসেন ও ভুক্তভোগী তরুণীকে থানায় নিয়ে যায়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, বাক্প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মাহবুব হোসেন নামে একজনকে আটক করা হয়েছে।
ভুক্তভোগী ও আটক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।