লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় অনলাইন জুয়া ও প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে একটি চক্রের মূলহোতাসহ নয়জনকে গ্রেপ্তারের দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া ও প্রতারণায় ব্যবহৃত একাধিক মোবাইল ডিভাইস ও সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে।
ডিবি বলছে, রোববার (২০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝামারঘোপ বাজারে অভিযান চালায় নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় বাজারের মা ফার্মেসিতে অভিযান চালিয়ে এর মালিক ফরহাদ হোসেন (২৬) ও তার সহযোগী সজীব হোসেনসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্যরা হলেন, প্রসেনজিৎ মজুমদার (৩০), জমির মোল্যা (৪৫), আলাউদ্দিন মোল্যা (২৮), লাছু মিনহাজ (২৪), নাজমুল মোল্যা (২৬), ফরিদ হোসেন (২৮) ও বিবেক বিশ্বাস (২৫)।
পুলিশের দাবি, চক্রটি বিভিন্ন আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে অনলাইন জুয়া ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। উদ্ধার করা ডিভাইসগুলোতে 1xBet, Melbet, Ck44.Com ও F11-সহ বিভিন্ন অনলাইন জুয়া ও বেটিং প্ল্যাটফর্ম ব্যবহারের তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে বড় অঙ্কের ই-লেনদেনের তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।