শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে চার জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে একটি ডিঙি নৌকা, বিভিন্ন মাছ ধরার সরঞ্জাম এবং প্রায় দেড়শ' কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাত নয়টার দিকে সুন্দরবনের কদমতলা স্টেশনের নটাবেকি ক্যাম্পের আওতাধীন রায়মঙ্গল নদীর মাঝামাঝি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন গাবুরা বাঁইশখালী এলাকার আল আমিন মোল্লা, পাইশেমারী এলাকার মমিনুল ইসলাম, কবিরুল ইসলাম ও ছুরাত জামাল গাজী।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনে স্মার্ট টহল পরিচালনার সময় রায়মঙ্গল নদীর অভয়ারণ্য এলাকা থেকে জেলেদের নৌকাটি আটক করা হয়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে একটি চরপাটা, চারটি বৈঠা, তিনটি দাঁড়, দুটি দা, একটি করাত, একটি কুড়াল, একটি বক্সসহ বিভিন্ন মাছ ধরার সরঞ্জাম এবং প্রায় দেড়শ' কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।
বন বিভাগের কর্মকর্তাদের দাবি, সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ ধরা নিষিদ্ধ। ফলে, নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে মাছ ধরার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা রেঞ্জ সহকারী কর্মকর্তা ইরফান উদ্দীন জানান, আটক চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় নিয়মিত টহল ও নজরদারি থাকলেও নিষেধাজ্ঞা অমান্য করে জেলেদের প্রবেশের ঘটনা নিয়ে প্রশ্ন রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, অভয়ারণ্যের সংরক্ষিত এলাকায় মাছ শিকার বন্ধে টহল আরও জোরদার করা জরুরি।