স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগে আমেনা খাতুন (৩৫) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
আটক আমেনা খাতুন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দাউসপাড়া এলাকার জুয়েল মিয়ার স্ত্রী।
ভুক্তভোগী ও অভিযোগকারী রাবেয়া খাতুন (৬০) ঝিনাইদহ সদর উপজেলার বৈয়ডাঙ্গা বাজার এলাকার বাসিন্দা।
তিনি জানান, যশোর শহরের মেয়ের বাড়িতে বেড়াতে এসে চিকিৎসার জন্য তিনি জেনারেল হাসপাতালে যান। টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে এক নারী তার গলায় থাকা সোনার চেইনটি হেঁচকা টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় টের পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে ওই নারীকে হাতেনাতে ধরে ফেলেন এবং চিৎকার করেন।
ঘটনার পরপরই হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য জুয়েল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নারীকে নিজেদের হেফাজতে নেন।
এদিকে, হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে দিনের আলোতে এমন চুরির ঘটনায় রোগী ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের দাবি, হাসপাতালে আসা সাধারণ রোগী ও তাদের স্বজনদের জানমালের নিরাপত্তা রক্ষার্থে চোর-ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হতে হবে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।
পুলিশ জানিয়েছে, আটক নারীর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।