স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরের ঘোপ এলাকার একটি বাসার গ্যারেজ থেকে চুরি হওয়া মোটরসাইকেল তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. হানিফ ওরফে অনিক (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তবে মোজাম্মেল সাগর (২৮) নামে অপর এক অভিযুক্ত পালিয়ে গেছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে ঘোপের পিলু খান সড়কের একটি বাড়ির গ্যারেজ থেকে কাজী নাইমুর রহমানের নামে নিবন্ধিত এফজেড-ভি২ মোটরসাইকেলটি চুরি হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে উপশহর পুলিশ ক্যাম্পের এসআই আব্দুল্লাহ আল মামুন তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করেন।
অভিযানের একপর্যায়ে বাহাদুরপুর বাঁশতলা ছ্যাম্প গ্যাস পাম্পসংলগ্ন বাইক হসপিটাল গ্যারেজের সামনে থেকে হানিফ ওরফে অনিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে হানিফ মোটরসাইকেল চুরির সঙ্গে মোজাম্মেল সাগরের সম্পৃক্ততার কথা জানান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় হাশিমপুর সেলফি রোড এলাকায় অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোজাম্মেল চুরি হওয়া মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান। পরে রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় দুই সাক্ষীর উপস্থিতিতে মোটরসাইকেলটি জব্দ করা হয়।
এ ঘটনায় কাজী নাইমুর রহমান বাদী হয়ে কোতয়ালী থানায় লিখিত এজাহার দিয়েছেন। পলাতক আসামিকে গ্রেপ্তারসহ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।