তৈরি হয়েছে রহস্য
স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনির শিকার পাঁচ যুবককে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) যশোর কোতোয়ালি থানা পুলিশ তাদের ১৫১ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠালে আদালত এই আদেশ দেন।
আটক ব্যক্তিরা হলেন—ঝিকরগাছা উপজেলার বাইশা চাঁদপুর গ্রামের রাসেল, নাহিদ, নীরব, সুজন ও তানজিম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে একটি প্রাইভেটকার ও কয়েকটি মোটরসাইকেলে একদল যুবক বালিয়াডাঙ্গা গ্রামে আসেন। তাদের সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয়রা ধাওয়া করেন। একপর্যায়ে মান্দারতলায় প্রাইভেটকার ফেলে পালানোর সময় মালোপাড়া এলাকা থেকে চারজনকে ধরে গণপিটুনি দেয় জনতা।
পরে পুলিশ তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। স্থানীয়দের দাবি, তাদের সঙ্গে একজন নারীও ছিলেন, তবে তাকে আটক করা যায়নি।
আহত যুবকরা হাসপাতালে একেক সময় একেক তথ্য দেওয়ায় ঘটনাটি নিয়ে রহস্য তৈরি হয়েছে।
তাদের একজন দাবি করেন, আদম ব্যবসায়ীর কাছে পাওনা টাকা নিতে এসেছিলেন। অন্যজন জানান, তাদের একজনের স্ত্রীকে নিতে এসেছিলেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা ছিনতাইকারী চক্রের সদস্য হতে পারেন। তবে ডাকাতির কোনো আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয় কেউ মামলা বা অভিযোগ না করায় তাদের ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ আরও তদন্ত করছে।