স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় মাদক সেবনের একটি আস্তানায় অভিযান চালিয়ে চার রাউন্ড পিস্তলের গুলি, এক বোতল উইনসেরেক্স কফ সিরাপ ও নগদ দুই লাখ ৭৯ হাজার টাকা উদ্ধারের দাবি করেছে পুলিশ।
এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী শহিদুল তালুকদারসহ তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) গভীর রাতে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার জয়নাল তালুকদারের ছেলে শহিদুল তালুকদার (৩৪), সুজন তালুকদার (২৭) ও সহিদ খাঁর ছেলে ঝন্টু খাঁ (২৮)।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ওসি কবির হোসেন ও তার নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার গভীর রাতে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় অভিযান চালায়।
এ সময় একটি মাদক সেবনের ঘর থেকে তিনজনকে আটক করা হয়। সেখানে মাদক সেবনের আসর বসেছিল বলে জানান তিনি।
পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে এক বোতল উইনসেরেক্স কফ সিরাপ এবং আটক শহিদুল তালুকদারের হেফাজত থেকে চার রাউন্ড পিস্তলের গুলি ও নগদ দুই লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।