পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় থানা পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক, জুয়া, চুরি, নাশকতা ও ইভটিজিংসহ বিভিন্ন মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় চার মাদক কারবারির কাছ থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) দুপুর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কথিত মাদক কারবারিরা হলেন—চাঁদখালী ইউনিয়নের ফতেহপুর গ্রামের হুসাইন গাজী (২২), কপিলমুনির নাসিরপুর এলাকার শহীদ হাসান বিশ্বাস ও হাসিবুল ইসলাম শিমুল এবং মাহমুদকাটি এলাকার প্রদীপ দেবনাথ।
পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান জানান, গ্রেপ্তার হুসাইন গাজীর কাছ থেকে দশ পিস, প্রদীপ দেবনাথের কাছ থেকে দশ পিস, শহীদ হাসান বিশ্বাসের কাছ থেকে তিন পিস এবং হাসিবুল ইসলাম শিমুলের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাইকগাছা থানায় মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, মাদক ছাড়াও জুয়ার অভিযোগে ছয়জন, ইভটিজিংয়ের অভিযোগে তিনজন, মসজিদের মোটর চুরি মামলায় একজন, নাশকতা মামলায় একজন এবং পরোয়ানাভুক্ত আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। সামাজিক অপরাধ দমনে এই অভিযান অব্যাহত থাকবে।