স্টাফ রিপোর্টার
, যশোর
খুলনার ফুলতলা থেকে পুজো দেখতে আত্মীয়ের বাড়িতে এসে যশোরে ছিনতাইয়ের শিকার হয়েছে চন্দন দাস (১৬) নামে এক স্কুলছাত্র।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে শহরের ব্যস্ত এলাকা সার্কিট হাউস মোড়ে দিনদুপুরে চাকু ঠেকিয়ে তার মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী চন্দন দাস খুলনার ফুলতলার গাড়াখোলা ঋষিপাড়া এলাকার কালি দাসের ছেলে এবং গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
চন্দন দাস জানায়, সে খুলনা থেকে দুর্গাপূজা দেখতে যশোরে এসেছে। রেলস্টেশন থেকে রিকশায় করে যাওয়ার পথে সার্কিট হাউস মোড় এলাকায় পৌঁছালে দুই ব্যক্তি তাদের রিকশার গতি রোধ করে। এরপর চাকুর ভয় দেখিয়ে তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
রিকশাচালক টুকু মিয়া জানান, ওই তরুণ ট্রেনযোগে যশোর রেলস্টেশনে নামে। সেখান থেকে তার রিকশায় চড়ে ঘুরুলিয়া দাসপাড়ায় আত্মীয় সন্তোষ দাসের বাড়িতে যাচ্ছিলো। পথে সাইকেল নিয়ে আসা দুই যুবক তাদের আটকায়। এ সময় তারা চাকু ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে চন্দনের মোবাইল ফোন এবং সঙ্গে থাকা ২০০ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত চম্পট দেয়।
ঘটনার পর স্থানীয়রা থানায় যোগাযোগ করলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।
যশোর সদর পুলিশ ফাঁড়ির সহকারী পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলা হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ।
এদিকে, দিনের আলোয় শহরের এমন একটি জনবহুল এলাকায় ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।