স্টাফ রিপোর্টার
, যশোর
চুরির অপবাদে যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকায় পিটিয়ে জখম করা স্বাধীন (২২) নামে এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ৩টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত স্বাধীন মোল্লাপাড়া বাঁশতলা এলাকার টিপু হোসেনের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর (রোববার) রাত ১২টার পর মালোপাড়া মন্দিরের পাশে স্বাধীনকে এলোপাতাড়ি মারধর করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
শারীরিক অবস্থার অবনতি হলে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।
স্বাধীনের বাবা টিপু হোসেনের অভিযোগ, এলাকার ছোট কসাই, শহিদুল ও উজ্জ্বলসহ অজ্ঞাতনামা কয়েকজন তার ছেলেকে পিটিয়ে হত্যা করেছে।
তবে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, এই বিষয়ে পুলিশ এখনও কিছু জানে না।