ইবি প্রতিনিধি
হঠাৎ তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
তরিকুল ইসলাম নামে এই তরুণ বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তরিকুল ইসলামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।
পারিবারিক ও বিভাগীয় সূত্রে জানা যায়, তরিকুল দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। গত ঈদুল আজহার সময় 'প্যানিক অ্যাটাক' হওয়ায় তিনি তিনদিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার বিকেলে আবার শ্বাসকষ্ট দেখা দিলে বন্ধুরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
জার্নালিজম বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় বলেন, তরিকুল বিভাগের প্রথম ব্যাচের অত্যন্ত সৃজনশীল ও বাস্তবজ্ঞানসম্পন্ন ছাত্র ছিলেন। অনার্স শেষ করা এই শিক্ষার্থীর এমন অকাল মৃত্যু কোনোভাবেই কল্পনা করা যায় না।
তার এমন আকস্মিক মৃত্যুতে ইবি ক্যাম্পাস ও জার্নালিজম বিভাগে গভীর শোকের ছায়া নেমে এসেছে।