মাগুরা প্রতিনিধি
মাগুরায় মাদকবিরোধী পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সেবনের দায়ে দুই যুবককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ অক্টোবর) মাগুরার শ্রীপুর উপজেলার কুছা ইছাপুর ও সদর উপজেলার মালিগ্রাম এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় এ অভিযান চালায়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—শ্রীপুর উপজেলার কুছা ইছাপুর গ্রামের ফজলু মোল্লার ছেলে শিমুল হাসান (২৪) এবং সদর উপজেলার মালিগ্রাম গ্রামের মৃত আইয়ুব বিশ্বাসের ছেলে সোহেল রানা (২৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিমুল হাসানের বিরুদ্ধে অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং সোহেল রানার বিরুদ্ধে গাঁজা সেবনের অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়। অভিযানে অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন ও উপপরিদর্শক মোছা. হাফিজা খাতুন পৃথকভাবে প্রসিকিউশন দাখিল করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উভয়কে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ সেবন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।