কয়রা (খুলনা) প্রতিনিধি
সুন্দরবনের খুলনা রেঞ্জের হায়াতখালী বন টহল ফাঁড়ির অধীনস্থ ময়দাপাশা এলাকায় অভিযান চালিয়ে হরিণের খণ্ডিত মাথা ও নাড়ি-ভুঁড়িসহ এক শিকারিকে আটক করেছে বন বিভাগ। এ সময় ঘটনাস্থল থেকে একটি নৌকা, ছিটকি ফাঁদ ও হরিণ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৭টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হরিণ শিকারি হলেন—কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের আয়তুল্লাহ গাজী (২২)। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে তার সাথে থাকা অপর এক শিকারি পালিয়ে যায়।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুল ইসলামের দিকনির্দেশনায় বানিয়াখালি স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার কেএম রাশেদ সাদাত এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈসহ বনকর্মীরা উপস্থিত ছিলেন।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান জানান, এ ঘটনায় বন্যপ্রাণী নিধন আইনে মামলা করা হয়েছে। আটক হরিণ শিকারিকে মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে কয়রা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।