মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে কিশোর গ্যাং, মাদক ও অনলাইন জুয়াবিরোধী বিশেষ অভিযানে এক রাতেই ৪৯ জনকে আটক করেছে জেলা পুলিশ।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ২৬ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে মেহেরপুর সদর উপজলার ৪৬ এবং গাংনী উপজেলার তিনজন রয়েছেন। অপ্রাপ্তবয়স্ক ২৬ জনের মধ্যে গাংনী থানার ওই তিনজনও অন্তর্ভুক্ত ছিলো। বাকি ২৩ জনকে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে মেহেরপুর সদর ও গাংনী উপজেলা শহরের বিভিন্ন এলাকায় একাধিক কিশোর গ্যাং সক্রিয় হয়ে উঠেছে। এসব দলের অনেক সদস্য মাদক কারবার ও অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। রাজনৈতিক মহলের একটি অংশের আশ্রয়-প্রশ্রয়ে তারা বেপরোয়া হয়ে উঠছে বলেও অভিযোগ রয়েছে। তবে রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।
সম্প্রতি জেলায় কিশোর গ্যাংয়ের বেশ কিছু কর্মকাণ্ড ও গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এর পরিপ্রেক্ষিতেই জেলা পুলিশ এই সাঁড়াশি অভিযান শুরু করে।
মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকালপারসন জামিনুর রহমান খান বলেন, নিয়মিত অভিযানের পাশাপাশি পুলিশ সুপারের নির্দেশনায় জেলাজুড়ে কিশোর গ্যাং, মাদক ও অনলাইন জুয়াবিরোধী বিশেষ অভিযান শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অপ্রাপ্তবয়স্কদের অভিভাবকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে যাদের কাছে মাদক পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। অপরাধ দমনে এই অভিযান অব্যাহত থাকবে।