স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ (২০) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগীর বাবার করা নালিশি অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতের আদেশে যশোর কোতোয়ালি থানায় মামলাটি রেকর্ড করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী যশোর সদর উপজেলার একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাওয়া-আসার পথে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে ফুসলিয়ে আসছিলেন অভিযুক্ত ইউসুফ।
গত ৩ অক্টোবর সকালে বাড়িতে কেউ না থাকার সুবাদে ওই ছাত্রীকে একটি মাইক্রোবাসে করে অভিযুক্তের বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মেয়েকে ফেরত চাইলে অভিযুক্ত যুবক বিয়ে করার অজুহাতে তাকে আটকে রাখে।
বাদীর অভিযোগ, বিভিন্ন নিকাহ রেজিস্ট্রারের কার্যালয়ে খোঁজ নিয়ে তিনি বিয়ের কোনো বৈধ তথ্য পাননি। অভিযুক্ত যুবক তার নাবালিকা মেয়েকে ফুসলিয়ে অবৈধভাবে আটকে রেখে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে।
ঘটনার পর থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে যাওয়ার পরামর্শ দেয়। পরে বাদীর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করার জন্য কোতোয়ালি থানাকে আদেশ দেন।
আদালত একই সাথে ভুক্তভোগীকে উদ্ধার এবং তার স্বাস্থ্য ও ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন।