সাতক্ষীরা প্রতিনিধি
আসামি রেজাউল ইসলাম (৪৮)
ছবি:
সাতক্ষীরায় আদালতে শুনানি চলাকালে পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন রেজাউল ইসলাম (৪৮) নামে এক আসামি।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডলের আদালতে এ ঘটনা ঘটে। তবে নিক্ষেপ করা জুতা ওই পুলিশ কর্মকর্তার গায়ে লাগেনি।
রেজাউল ইসলাম কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত বরকতুল্লার ছেলে।
সাতক্ষীরা আদালত পুলিশের পরিদর্শক নাজমুল হোসেন জানান, একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য রেজাউলকে জেলা কারাগার থেকে আদালতে আনা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল আরিফ নিশাত তাকে গ্রেপ্তার দেখানোর অনুমতি চেয়ে আদালতে দাঁড়ান। পরে তিনি কাঠগড়া থেকে নেমে আসার পর রেজাউল তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন।
এ সময় রেজাউল দাবি করেন, তিনি আট-নয় মাস ধরে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এসব মামলা পরিচালনা করার মতো আর্থিক সামর্থ্যও তার নেই।
পুলিশ পরিদর্শক নাজমুল হোসেন বলেন, রেজাউলকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতে এ ধরনের আচরণের জন্য বিচারক তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেবেন কি না, তা পরে জানা যাবে।
আদালত চত্বরে রেজাউল বলেন, মিথ্যা মামলায় তিনি হয়রানির শিকার হচ্ছেন। জুতা নিক্ষেপের মাধ্যমে তিনি পুলিশি হয়রানির প্রতিবাদ জানিয়েছেন। আদালতকে অপমান করা তার উদ্দেশ্য ছিল না।
এ বিষয়ে বক্তব্য জানতে সোমবার দুপুর আড়াইটার দিকে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আব্দুল্লাহেল আরিফ নিশাতের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
আদালত পুলিশ সূত্রে জানা গেছে, রেজাউলের বিরুদ্ধে সাবেক ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন হত্যা, চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইসহ প্রায় ৩০টি মামলা বিচারাধীন রয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি রাতে সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কার্যালয় ও দলটির নেতা সাইফুল ইসলামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে একটি মামলা করা হয়।
ওই মামলায় রেজাউলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় আওয়ামী লীগ নেতাসহ ৭৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৩৫ থেকে ১৪০ জনকে আসামি করা হয়েছে।