মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারে খেলনা পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আটক দুই যুবকের মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষায় অনলাইন জুয়ার সাইট পরিচালনার তথ্য মিলেছে। আটক ব্যক্তিদের কাছ থেকে দুটি আইফোন ১৭ প্রো ম্যাক্সসহ চারটি স্মার্টফোন ও একটি মাল্টি-কারেন্সি ভিসা ডেবিট কার্ড জব্দ করে পুলিশ।
জুয়া প্রতিরোধ আইনে মামলা দিয়ে সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় আদালতের নির্দেশে দুই যুবককে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের আবু সাইদের ছেলে সাব্বির আহমেদ (২২) এবং পিরোজপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে মাফুজুর রহমান ওরফে শিপন (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৫ অক্টোবর) রাত ৯টার দিকে বারাদী বাজারে আড্ডা দেওয়ার সময় কথা-কাটাকাটির একপর্যায়ে ওই দুই যুবক একটি খেলনা পিস্তল বের করে প্রতিপক্ষকে ভয় দেখানোর চেষ্টা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুই যুবককে ঘিরে রাখেন এবং বারাদী পুলিশ ফাঁড়িতে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিস্তলটি উদ্ধার করে এবং প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় সেটি খেলনা পিস্তল বলে নিশ্চিত হয়। তবে দুই যুবকের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করতে গিয়ে অনলাইন জুয়ার সাইট পরিচালনার তথ্য সামনে আসে।
পরবর্তীতে মেহেরপুর সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বারাদী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে দুই যুবককে গ্রেপ্তার করেন।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের সময় দুই যুবকের কাছ থেকে চারটি স্মার্টফোন ও একটি মাল্টি-কারেন্সি ভিসা ডেবিট কার্ড জব্দ করা হয়। জব্দ করা ফোনের মধ্যে রয়েছে দুটি আইফোন ১৭ প্রো ম্যাক্স, একটি অপো এ১৫এস এবং একটি অপো এ৫৭। এছাড়া 'SABBIR AHAMED' নাম লেখা ডাচ্-বাংলা ব্যাংকের একটি মাল্টি-কারেন্সি ভিসা ডেবিট কার্ডও জব্দ করা হয়েছে। মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষায় অনলাইন জুয়ার সাইট পরিচালনার সঙ্গে দুই যুবকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানায়, জব্দ করা চারটি স্মার্টফোনের আনুমানিক মোট মূল্য চার লাখ ৩০ হাজার টাকা। সোমবার বিকেলে এই ঘটনায় গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়। পরে আদালতে সোপর্দ করা হলে আদালত দুই যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সানা বলেন, ‘খেলনা পিস্তল দিয়ে ভয় দেখানোর খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দুই যুবকের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন জুয়ার সাইট পরিচালনার তথ্যপ্রমাণ পাওয়া যায়।’
ওসি আরও জানান, জুয়া প্রতিরোধ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে দুই যুবককে কারাগারে পাঠানো হয়েছে এবং এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।