অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে গাঁজা কিনতে এসে পুলিশের হাতে আটক হেদায়েত শেখ (২৫) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত হেদায়েত শেখ খুলনা জেলার দিঘলিয়া উপজেলার মহিশদিয়া গ্রামের সবুর শেখের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইমদাদুল শেখ জানান, বৃহস্পতিবার সকালে অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের জিরোপয়েন্ট বাজার এলাকা থেকে হেদায়েত শেখকে আটক করা হয়। খুলনা থেকে অভয়নগরে গাঁজা কিনতে এসে তিনি পুলিশের হাতে ধরা পড়েন। তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (৫) ধারা মোতাবেক এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেন।
আদালতের মুখোমুখি হয়ে দণ্ডপ্রাপ্ত হেদায়েত শেখ নিজের অপরাধ স্বীকার করে জানান, বন্ধুদের জন্য গাঁজা কিনতে এসে এই বিপদে পড়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।