খুলনা অফিস
খুলনা মহানগরীর আলোচিত যুবক তাওহিদুল ইসলাম তুষার হত্যা মামলার সন্দেহভাজন আসামি আরিফ খানকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানি। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নগরীর পশ্চিম টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি জানিয়েছে, আরিফ স্থানীয় সন্ত্রাসী গ্রুপ 'বি কোম্পানি'র একজন সক্রিয় সদস্য।
গ্রেপ্তার আরিফ খান খুলনা সদর থানার পশ্চিম টুটপাড়া এলাকার ফরিদ মোল্লার মোড়ের বেলাল খানের ছেলে।
এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি আভিযানিক দল পশ্চিম টুটপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় তুষার হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরিফকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর মোটরসাইকেলে করে পূর্ব বানিয়াখামার এলাকার বি কে মেইন রোড থেকে মিস্ত্রিপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন তাওহিদুল ইসলাম তুষার। তিনি আনসার উদ্দিন সড়কে আমিনুল ইসলামের অটোরিকশা গ্যারেজের সামনে পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে বুকের বাঁ পাঁজরের নিচে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তুষার।
এ ঘটনায় খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম খান বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫ থেকে ১৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।