স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া কবরস্থানের পাশের একটি ফাঁকা জায়গা থেকে ককটেলসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে কবরস্থানের উত্তর পাশে টিটু শেখের জায়গা থেকে এগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় ডিফেন্স পার্টির নেতা দেলোয়ার হোসেন দিলু জানান, কবরস্থানের উত্তর পাশে হিটু মোল্লার ফাঁকা জায়গায় বালুর ব্যবসা করেন জাকির হোসেন ও গোলাম মোস্তফা নামে দুই ব্যক্তি।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জাকির হোসেন সেখানে একটি পলিথিন ব্যাগ দেখতে পান। তিনি ব্যাগটি পা দিয়ে সরিয়ে দিলে ভেতর থেকে লাল রঙের স্কচটেপে মোড়ানো একটি এবং কালো টেপে মোড়ানো আরেকটি ককটেলসদৃশ বস্তু বের হয়ে আসে।
তাৎক্ষণিকভাবে তারা আশপাশের লোকজনকে বিষয়টি জানান এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বরকর আলী জানান, স্থানীয় লোকজন ককটেলসদৃশ বস্তু দুটি দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।