নড়াইল প্রতিনিধি
নড়াইলে বিভিন্ন কল্যাণমূলক ও সচেতনতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান 'ল অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ' এবং 'বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন'-এর যৌথ উদ্যোগে 'নভেরা লার্নিং হাব' নামে একটি শিক্ষা প্রকল্পের যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার সকালে সদর উপজেলার আগদিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আগদিয়ারচর মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে স্কুল ক্লিনিং প্রোগ্রাম, ক্যাম্পাস ও টয়লেট পরিচ্ছন্নতা অভিযান, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে বিশেষ সেমিনার, বৃক্ষরোপণ, আইনি সহায়তা ক্যাম্পেইন এবং নতুন সদস্য সংগ্রহসহ নানা কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন 'ল অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি'র প্রতিষ্ঠাতা ও মহাসচিব অ্যাডভোকেট আবু বক্কর ছিদ্দিক, জেলা শিক্ষা গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম শিকদার, সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, নারী ও শিশু সহায়তা সেলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট সুপ্রাণ হক, সদস্য অ্যাডভোকেট কবির আহমেদ, ঢাকা উত্তরের সভাপতি আরিফা খানম সুবর্ণা, সাধারণ সম্পাদক শিপ্রা সেন এবং স্বেচ্ছাসেবক আবু তাহের পল্লবসহ স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে 'ল অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন'-এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব অ্যাডভোকেট আবু বক্কর ছিদ্দিক বলেন, সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এর পাশাপাশি পরিবেশের ভারসাম্য ও সুস্বাস্থ্য রক্ষার্থে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে ঔষধি গুণসম্পন্ন নিম গাছের চারা রোপণ করা হচ্ছে।