ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপ ভ্যানসহ ৪০ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে দুই ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার চার নম্বর নিয়ামতপুর ইউনিয়নের মহেশ্বরচাঁদা বাজার থেকে একটি পিকআপ ভ্যানে করে সারগুলো উপজেলার বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে পিকআপ ভ্যানসহ দুই ব্যক্তিকে আটক করে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী আটককৃতদের এই অর্থদণ্ড দেওয়া হয়।
পরবর্তীতে ল্যাব পরীক্ষায় জব্দ করা সার ভেজাল প্রমাণিত হওয়ায় উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলীর উপস্থিতিতে সব সার ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থরক্ষা এবং সার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।