মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে দুর্বৃত্তরা গতিরোধ করে একটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে। এ ঘটনার পর ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দূরে পরিত্যক্ত অবস্থায় কালো টেপে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লক্ষ্মীনারায়ণপুর-ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের আমজাদ আলী কারিগরের ছেলে আরিফুল ইসলাম তার টিভিএস মোটরসাইকেল নিয়ে নিজ গ্রাম থেকে নওয়াপাড়া হয়ে তেঁতুলবাড়ীয়া গ্রামে যাচ্ছিলেন। লক্ষ্মীনারায়ণপুর-ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কের মাঝামাঝি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। তারা মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
পরে আরিফুল ইসলাম স্থানীয়দের বিষয়টি জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দূরে তল্লাশি চালিয়ে কালো স্কসটেপে মোড়ানো দুটি হাতবোমাসদৃশ বস্তু উদ্ধার করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মুর্শেদ জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু দুটি উদ্ধার করে স্থানীয় পুলিশ ক্যাম্পে নিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
ছিনতাইকারীদের শনাক্ত ও মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।