লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
এক হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি মামা-ভাগ্নেকে আটকের দাবি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের সদস্যরা।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আটক দুইজন হলেন নড়াইল সদরের ভাটিয়া দক্ষিণপাড়া গ্রামের সৈয়দ সাজ্জাদ আলী ও তার ভাগ্নে মুলদাইড় গ্রামের পশ্চিমপাড়া আহাদ শেখ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , রোববার বেলা পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মুলদাইড় গ্রামের পশ্চিমপাড়ায় আহাদ শেখের দোতলা বাড়িতে অভিযান চালায় ডিএনসির একটি দল। এ সময় রুমের মধ্যে কাঠের কেবিনেট ও আসামির লুঙির কোচা থেকে বিশেষভাবে লুকানো পাঁচটি নীল রঙের জিপারের মধ্যে ২০০টি করে সর্বমোট এক হাজার কমলা রঙের ইয়াবা জব্দ করা হয়। এছাড়া, মাদক বিক্রির নগদ ৯৬ হাজার টাকা এবং একটি মোবাইলফোন সেট জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে- দীর্ঘদিন ধরে তারা নড়াইলের বিভিন্ন এলাকায় অবৈধ মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। তাদের মাছের ঘের আছে এবং দীর্ঘদিন কুয়েতে ছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।