স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর সদরের ছোট মেঘলা গ্রামের মিনা ব্রিকসে হামলা, চাঁদা দাবি, নগদ টাকা, ইট ও মূল্যবান কয়লা লুটের ঘটনার ২৭ মাস পর তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১২০/৩০ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ঝিকরগাছার মল্লিকপুর গ্রামের লেয়াকত হোসেনের ছেলে কামরান হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাকিব আহম্মেদ ইমন অভিযোগটি তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন, যশোর শহরের পালবাড়ি এলাকার আনারুল ইসলাম, খুলনার পাইকগাছা উপজেলার সাহাপাড়ার আওয়াল গাজীর ছেলে রিপন গাজী এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ষোলা গ্রামের কোরবান আলী গাজীর ছেলে কাউছার আলী গাজী।
মামলার বিবরণে জানা গেছে, ঝিকরগাছার মল্লিকপুর গ্রামের লেয়াকত হোসেন ‘মিনা ব্রিক্স’ লিজ নিয়ে ভাটা পরিচালনা করে আসছিলেন। ২০২৪ সালের ৬ আগস্ট বিকেল ৫টার দিকে যশোরের কোতোয়ালি থানাধীন ছোট মেঘলার মিনা ব্রিকসে হামলা চালায় একদল দুর্বৃত্ত। হামলাকারীরা ইটভাটার সীমানা প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে অফিস ভাঙচুর করে এবং ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা ক্যাশ কাউন্টারের ড্রয়ার ভেঙে ১০ লাখ টাকা ও মজুদ করা কয়লা লুট করে নিয়ে যায়। এছাড়া ৩০ লাখ টাকা মূল্যের প্রায় তিন লাখ ইট ট্রাক ও ট্রলিতে করে নিয়ে যায়।
হামলাকারীরা ভাটার চিমনি, কাঁচা ইট ও বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করে চার লাখ টাকার ক্ষতিসাধন করে। এছাড়া ২০ থেকে ৩০টি মোটরসাইকেলে হেলমেট পরিহিত ব্যক্তিরা বাদী (কামরান হোসেনের) বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে আরও পাঁচ লাখ টাকার ক্ষতি করে।
রাজনৈতিক চাপের কারণে কামরান হোসেন ও তার বাবা দীর্ঘদিন বাড়ি ছাড়া ছিলেন। পরে এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।