স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবু মুসা (১২) নামে এক শিশুকে মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে।
একই ঘটনায় শিশুটির পরিবারকে প্রাণনাশ ও বাড়িঘর ভাঙচুরের হুমকি দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
গ্রামের মোহাম্মদ রাসেল (৪৩) নামে এক ব্যক্তির বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন শিশুটির বাবা বাবু শেখ।
বাবু শেখের অভিযোগ, গত ৩ নভেম্বর বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় রাসেলের মেয়ে রিয়া (১৫) ও তার ছেলে আবু মুসার মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মুসাকে মারপিট করা হয়।
পরে বাড়িতে ফিরে রিয়া বিষয়টি তার বাবাকে জানায়। এরপর রাসেল বাবু শেখের বাড়িতে গিয়ে তাকে বিভিন্নভাবে হুমকি দেন।
এ সময় বাড়িঘর ভাঙচুর ও পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন বাবু শেখ।
এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
এ বিষয়ে গত রোববার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডির বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।