স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের অভয়নগরে আছিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার শুভ মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৯ নভেম্বর) রিমান্ড আবেদনের শুনানি শেষে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, শুভ নড়াইল কালিয়া উপজেলার শীতলবাটি গ্রামের লিয়াকত আলীর ছেলে।
মামলার এজাহার অনুযায়ী, অভয়নগর উপজেলার রামনগর গ্রামে নিজ বাড়িতে বোন সূর্য বেগমকে নিয়ে বসবাস করতেন আছিয়া বেগম।
গত ১৯ অক্টোবর রাতে ঘরের ভেতর আছিয়া বেগমকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন সকালে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের মেয়ে পান্না বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেন।
পুলিশ জানায়, মামলার তদন্তকালে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে প্রথমে রফিকুল ইসলাম নামের একজনকে ময়মনসিংহের তারাকান্দা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৮ অক্টোবর রাতে শুভকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা জাহিদুল ইসলাম গত ১ নভেম্বর শুভর সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিলেন। আজ শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।