কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ্য দিবালোকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় এসএসসি পরীক্ষার্থী জাকিয়া সুলতানাকে (১৬) ছুরিকাঘাতের ঘটনায় প্রধান অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ঘটনার পর থেকেই আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ রাতে পাটিকাবাড়ি এলাকা থেকে ইমনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইমন ওই এলাকার আব্বাস উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল ইমন। একই কোচিং সেন্টারে পড়ার সময় থেকেই সে তাকে কুপ্রস্তাব দিত। এসবের প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয় ইমন।
গত রোববার দুপুরে জাকিয়া যখন স্কুল থেকে বাড়ি ফিরে তার নিজ বাসার গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল তখন ইমন ধারালো ছুরি দিয়ে তার ওপর হামলা চালায়।
জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে ইমন ছুরি ফেলে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকেই ইমন ও তার পরিবার পূর্ব মজমপুর এলাকার বাসা ছেড়ে পালিয়েছিল।