নড়াইল ও লোহাগড়া প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় একটি বাড়ির ছাদ থেকে আজিবার শেখ (৪০) নামে এক অটোভ্যান চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা মোল্যার মাঠ এলাকার একটি বাড়ির ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আজিবার শেখ লোহাগড়া পৌরসভার সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আজিবার শেখ। সাধারণত সন্ধ্যায় বাড়ি ফিরলেও ওই দিন তিনি আর ফেরেননি।
পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে লক্ষীপাশা মোল্যার মাঠ এলাকা থেকে তার ব্যবহৃত অটোভ্যানটি পাওয়া যায়।
তবে তখনও তার কোনো সন্ধান মেলেনি।
মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন লক্ষীপাশা মোল্যার মাঠসংলগ্ন একটি বাড়ির ছাদে আজিবার শেখের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান।
পরে তারা পুলিশকে খবর দেন। লোহাগড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কারা, কী কারণে আজিবার শেখকে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করেছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।