যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘অপহরণের’ আট মাস পর কয়রার স্কুলছাত্রী উদ্ধার

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ০৪:২৭ পিএম
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ১১:০৯ পিএম
‘অপহরণের’ আট মাস পর কয়রার স্কুলছাত্রী উদ্ধার

খুলনার কয়রায় ‘অপহরণের’ আট মাস পর দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাগেরহাটের শরণখোলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় কয়রা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কয়রা উপজেলার মাদারবাড়িয়া গ্রামের সামাদ গাজীর ছেলে রুবেল গাজী (২৮), তার মা আছিয়া খাতুন (৪৮) ও ভাই ইউছুপ গাজী (২৪)।

পুলিশ জানায়, গত ১৫ মার্চ কয়রা উপজেলার মাদারবাড়িয়া গ্রাম থেকে ১৬ বছর বয়সী ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। সে স্থানীয় জাকারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় ছাত্রীর মা আসমা পারভীন বাদী হয়ে ২৫ মার্চ কয়রা থানায় একটি মামলা করেন। এরপর থেকে ভুক্তভোগীকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছিল পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্ত কর্মকর্তা ও কয়রা থানার উপপরিদর্শক (এসআই) বিজন কুমার মণ্ডল। তিনি জানান, অভিযুক্ত ব্যক্তিরা বারবার ফোন নম্বর ও অবস্থান পরিবর্তন করায় তাদের শনাক্ত করতে কিছুটা সময় লেগেছে।

রোববার গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানার গল্লামারী এলাকা থেকে ইউছুপ গাজীকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শরণখোলায় এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণের মূল অভিযুক্ত রুবেল গাজী ও তার মা আছিয়া খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ।

কয়রা থানার ওসি রাশেদুল আলম বলেন, উদ্ধার হওয়া ছাত্রীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং গ্রেপ্তার হওয়া তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)