সাতক্ষীরা প্রতিনিধি
গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে সাতক্ষীরার তালায় এক ব্যবসায়ীকে অপহরণ করে তার স্ত্রীর কাছে মুক্তিপণ দাবির অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হাতকড়া, পুলিশের দুটি প্রতিফলক (রিফ্লেক্টিং) ভেস্ট, একটি মোটরসাইকেল ও নগদ এক লাখ ৭১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়।
রোববার (১৫ নভেম্বর) সকালে তালা উপজেলার তেঁতুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন পুলিশ কনস্টেবল সোহেল আহম্মেদ ও মতিউর হোসেন মোরসালিন। সোহেল আহম্মেদ যশোর শহরের বারান্দীপাড়া এলাকার জুলহাস উদ্দিনের ছেলে।
অপরজন মতিউর হোসেন মোরসালিন তালার তেঁতুলিয়া গ্রামের সৈয়দ মৈনুলের ছেলে; তিনি বর্তমানে খুলনার সোনাডাঙ্গা এলাকায় বসবাস করেন।
অপহরণের শিকার ব্যবসায়ী কাশেম সরদার তালার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তেঁতুলিয়া বাজারে তার সাইকেল ও ভ্যানের যন্ত্রাংশের দোকান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে কাশেম সরদার দোকানে কাজ করছিলেন। এ সময় দুই ব্যক্তি সেখানে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। একপর্যায়ে তারা কাশেমের হাতে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে তার স্ত্রীর মোবাইল ফোনে কল করে মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর ব্যবসায়ীর স্ত্রী তালা থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত ও অভিযান শুরু করে। একপর্যায়ে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে তালা ও খুলনার ডুমুরিয়া থানা-পুলিশ ডুমুরিয়ার চুকনগর এলাকায় যৌথ অভিযান চালিয়ে দুজনকে আটক করে।
এ সময় অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারসহ তাদের কাছ থেকে হাতকড়া, দুটি প্রতিফলক ভেস্ট, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।