স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে আলাদা দুটি মাদক মামলায় তিন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় একটি মামলার দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। সোমবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আইরিন নাসরিন ও ওয়াসিম শেখ পৃথক দুটি রায়ে এই সাজা ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন যশোর শহরের বেজপাড়ার বাবু শেখের ছেলে রানা শেখ, সদর উপজেলার আলমনগর গ্রামের বাবর আলীর ছেলে মনির হোসেন এবং বেনাপোলের নামজা গ্রামের সাজ্জাদ আলীর ছেলে সবুর।
আদালত ও মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি বিকেলে গোয়েন্দা পুলিশ (ডিবি) শার্শা উপজেলার নাভারনের ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সামনে অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেল থামিয়ে মনির হোসেন ও রানা শেখকে আটক করা হয়।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মোটরসাইকেলের এয়ার বক্সের ভেতর থেকে ১৩টি প্যাকেটে রাখা চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবির তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন।
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক মনির হোসেন ও রানা শেখকে দশ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাদের আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে রানা শেখ পলাতক রয়েছেন।
অপরদিকে, ২০১৭ সালের ২৫ জুলাই র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি দল বেনাপোলের গাজীপুর গ্রামের পশ্চিমপাড়ায় সোহান হোসেনের বাড়িতে অভিযান চালায়। বাড়ির দ্বিতীয় তলা থেকে সোহান হোসেন, সবুর ও মনোয়ারা বেগমকে আটক করা হয়। দেহ তল্লাশিকালে সবুরের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। এ ঘটনায় র্যাবের তৎকালীন ডিএডি কামরুজ্জামান বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। তদন্ত শেষে এসআই মতিউর রহমান তিনজনকেই অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামি সবুরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামি সোহান হোসেন ও মনোয়ারা বেগমকে খালাস দেন আদালত। সাজাপ্রাপ্ত সবুর বর্তমানে কারাগারে আছেন।